ধুনটে তিন কোটি টাকার দরপত্র জমাদানে বাধা
বগুড়ার ধুনট উপজেলায় তিন কোটি ১৩ লাখ টাকার উন্নয়নকাজের দরপত্রে সাধারণ ঠিকাদারেরা অংশ নিতে পারেননি। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে ঠিকাদারেরা দরপত্রে অংশ নিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুকরা এন্টারপ্রাইজের মালিক আবদুল মান্নান জানান, তাঁর প্রতিনিধিকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি। এ কারণে তিনি নতুন করে দরপত্র জমা দেওয়ার দাবি জানিয়ে ইউএনওর কাছে অভিযোগ করেছেন।
ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, দরপত্র ফেলা নিয়ে কিছু সমস্যা হলেও তিনি সেখানে উপস্থিত থেকে ব্যবস্থা নিয়েছেন। তখন দরপত্র ফেলতে বাধা দিয়েছে—এমন অভিযোগ কেউ করেননি। তবে বেলা চারটার পর একজন ঠিকাদার অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ কাজের জন্য চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন (পিইডিপি)-৩ প্রকল্পের আওতায় তিন কোটি ১৩ লাখ ৫৩ হাজার টাকার এ কাজ জন্য চারটি গ্রুপে ভাগ করা হয়। গতকাল বৃহস্পতিবার এ কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই দরপত্রের শিডিউল বিক্রি হয়েছিল ৪২টি। অথচ দরপত্র জমা পড়েছে মাত্র আটটি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন ঠিকাদার জানান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলামের সহযোগিতায় সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র বাক্সের কাছে জমায়েত করে রাখা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন দরপত্র ফেলতে গেলে সেখানে থাকা নেতা-কর্মীদের সঙ্গে বাগিবতণ্ডা ও হট্টগোল হয়। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
রেজাউল ইসলাম বলেন, দলীয় নেতা-কর্মীদের সমন্বয় করার জন্য সমঝোতা করা হয়েছে।