ধুনটে তিন সড়কের কাজ ফেলে ঠিকাদারেরা উধাও
বগুড়ার ধুনট উপজেলার তিনটি গ্রামীণ সড়কের কাজ শেষ না করেই উধাও হয়ে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। এতে অর্ধনির্মিত এসব সড়ক বর্ষায় বৃষ্টিতে ভেঙে যোগাযোগ ব্যবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।
সড়ক এলাকাগুলোর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা জানান, ঠিকাদারেরা সড়কের কাজ অসমাপ্ত রেখেই চলে যাওয়ায় বৃষ্টিতে এমন দশা হয়েছে যে যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এসব সমস্যা নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনাও হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়েও বিষয়টি একাধিকবার জানানো হয়েছে। তবু কোনো কাজ হয়নি।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, গ্রামীণ সড়ক উন্নয়নের অংশ হিসেবে বর্তমান সরকারের আমলে এ তিনটি সড়কের অবকাঠামো তৈরিসহ পাকাকরণের কাজ হাতে নেওয়া হয়। বগুড়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) থেকে ২০০৯-১০ অর্থবছরে ৫০ লাখ টাকা ব্যয়ে ধুনটের গোসাইবাড়ী থেকে ভান্ডারবাড়ী ভায়া ঢেকুরিয়া বাজার পর্যন্ত এক হাজার ২৫০ মিটার সড়ক পাকাকরণের কাজ পায় বগুড়ার সোনাতলা সহিদ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি সড়কে কোনো রকমে ইট-বালু ফেলে ১৫ লাখ টাকা তুলে কাজ না করে চলে গেছে। একইভাবে চৌকিবাড়ী থেকে দিঘলকান্দী বাজার পর্যন্ত ৩৬ লাখ টাকা ব্যয়ে ৭৫০ মিটার সড়ক পাকা করার কাজ নেয় নওগাঁ মেসার্স রুবেল ট্রেডার্স। এরাও তেমন কোনো কাজ না করেই চলে গেছে। একই সঙ্গে মথুরাপুর থেকে সোনকা বাজার পর্যন্ত ৫৪ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার সড়ক পাকা করার কাজ নেয় সোনাতলা রিজভি ট্রেডার্স। এরাও কাজ করেনি।
সূত্রটি আরও জানায়, ২০০৯ থেকে ২০১১ অর্থবছরের বিভিন্ন সময়ে সড়কগুলোর কাজ শুরু করা হয়। প্রতিটি কাজ শেষ করার সময় ছিল ছয় মাস।
উপজেলা সহকারী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ঠিকাদারেরা তিনটি সড়কেরই ৫০ থেকে ৬০ শতাংশ কাজ অসমাপ্ত রেখে চলে গেছেন। বারবার তাঁদের চিঠি দিয়ে তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা আসেননি। তাই তাঁদের কাজ বাতিল করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর করে যাওয়া আধাআধি কাজ বৃষ্টিতে ভেঙে সড়কগুলোর দশা আরও নাজুক পড়েছে। স্থানীয় লোকজন রিকশা বা ভ্যানে চড়ে বা হেঁটে চলাচল করতে গিয়েও চরম ভোগান্তির শিকার হচ্ছে।
ধুনট গোসাইবাড়ী থেকে ভান্ডারবাড়ী ভায়া ঢেকুরিয়া সড়কের ঠিকাদার আতিকুজ্জামন বলেন, এসব কাজ সম্পন্ন করতে যে পরিমাণ টাকা দরকার, তা বরাদ্দ না থাকায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সড়কের ৬০ শতাংশ কাজ করে মাত্র ১৫ লাখ টাকা পেয়েছেন। নতুন করে অর্থ বরাদ্দ হলে কাজ করবেন বলে জানান তিনি।
এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দীন বলেন, দরপত্র আহ্বানের পর ঠিকাদারেরা অনেক সময় কাজ ধরতে দেরি করেন। পরে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজে লোকসানের কথা ভেবে তাঁরা কাজ করেন না। টাকা বরাদ্দ নেই, ঠিকাদারের এ বক্তব্য সঠিক নয়। হয়তো কাজ করার পর টাকা দিতে কিছুটা সময় লাগে। কাজ শেষে অবশ্যই তাঁদের বরাদ্দকৃত অর্থ ঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে।