ধুনটে তিনটি হাটের ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় তিনটি হাটের ইজারা বাতিল করে সরকারিভাবে খাস আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজারাদারেরা নির্ধারিত সময়ের মধ্যে হাটের ইজারামূল্য পরিশোধ করতে না পারায় উপজেলা পরিষদ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলাকাবাসী ও উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জন্য উপজেলা চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ী হাট এক লাখ দুই হাজার টাকায় ইজারা নেন বদিউজ্জামান। এ ছাড়া নিমগাছি ইউনিয়নের বমগাড়া হাট দুই হাজার ৭০০ টাকায় ইজারা নিয়েছেন আফজাল হোসেন এবং চিকাশি ইউনিয়নের বড়চাপড়া হাট ২৫ হাজার ৫৫০ টাকায় ইজারা নিয়েছেন সারোয়ার হোসেন। এই তিন হাটের ইজারাদারদের গত ৩০ জুনের মধ্যে ইজারামূল্য পরিশোধের চুক্তি ছিল। নির্ধারিত সময় অতিবাহিত হলেও তাঁরা এসব হাটের ইজারামূল্য পরিশোধ করতে পারেননি। এ কারণে ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এই হাটগুলোর ইজারা বাতিল করা হয় এবং সরকারিভাবে খাস আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইজারাদার বদিউজ্জামান জানান, হাট ইজারা নেওয়ার পর থেকে ব্যবসায়ীদের উপস্থিতি কম। এ কারণে এ বছর টোল আদায় কমে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে ইজারামূল্য পরিশোধ করা হবে।
হাটবাজার ইজারা কমিটির সভাপতি ও ইউএনও হাফিজুর রহমান জানান, সঠিক সময়ের মধ্যে ইজারাদারেরা হাট তিনটির ইজারামূল্য পরিশোধ করতে পারেননি। এ কারণে ইজারা বাতিল করে সরকারিভাবে খাস আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো আবেদন গ্রহণ করা হবে না। এ ছাড়া ইজারামূল্য পরিশোধ না করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।