ধুনটে ত্রাণ পায়নি ১৯ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বন্যায় নদীভাঙনে বসতবাড়ি হারানো ১৯টি পরিবার নয় দিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের ভাগ্যে গতকাল শনিবার পর্যন্ত কোনো ত্রাণ জোটেনি।
বাসসের খবরে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদী থেকে পানি কমছে। পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৬৬টি স্থানেই পানি কমেছে। আগামী ৭২ ঘণ্টায়ও ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে।
বগুড়ার পাউবো কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গত ২৮ আগস্ট রাতে সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় বন্যানিয়ন্ত্রণ ৫০০ মিটার বাঁধ ভেঙে যায়। এরপর সেখান থেকে পানি ঢুকে পার্শ্ববর্তী ধুনট উপজেলার চিকাশি, গোসাইবাড়ী, নিমগাছি, কালেরপাড়া, এলাঙ্গী, ভান্ডারবাড়ী, গোপালনগর, ধুনট পৌরসভাসহ ১০ ইউনিয়নের ১৪০টি গ্রাম প্লাবিত হয়। এরপর ২৯ আগস্ট ইছামতীর শাখা নদীর প্রবল স্রোতে চিকাশি গ্রামের ১৯টি পরিবারের বসতভিটা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই থেকে এসব পরিবারের লোকজন প্রতিবেশীদের বাড়িতে আছেন। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তাঁদের। ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও তাঁরা কোনো ত্রাণ পাননি।