ধুনটে দুই পক্ষের হামলা, আহত ৩
বগুড়ার ধুনটে ফুটবল খেলার পুরস্কার নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এক পক্ষ অপর পক্ষের ৬০টি গাছ কেটে ফেলেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে শুক্রবার বিকেলে উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০১৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নাটুয়ারপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে তারাকান্দি ফুটবল একাদশ বিজয়ী হয়। বিজয় দলের পক্ষে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য তারাকান্দি গ্রামের তোজামেঞ্চল হক পুরস্কার হিসেবে পাওয়া দুটি টেলিভিশন সেট তাঁর বাড়িতে রাখার সিদ্ধান্ত নেন। একই গ্রামের গোলাম রব্বানীসহ কয়েকজন এ সিদ্ধান্তের প্রতিবাদ করেন। এর জের ধরে তোজামেঞ্চলের লোকজন সন্ধ্যায় প্রতিপক্ষের আইয়ুব আলী ও ইউছুফ আলীকে ধুনট বাজার এলাকায় মারধর করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে গোলাম রব্বানীর লোকজন তোজামেঞ্চলের বাগানের ৬০টি বড়ইগাছ কেটে ফেলেন। গাছ কাটার কারণ জানতে চাইলে তাঁরা তোজামেঞ্চল হকের ভগ্নিপতি আলেফ মিয়াকে মারধর করেন।
তোজামেঞ্চল হক বলেন, ‘পূর্বশক্রতার জের ধরে রাতেই আমার জমি থেকে বড়ইগাছ কাটা হয়েছে। এ কারণে আমি থানায় অভিযোগ দিয়েছি।’ গোলাম রব্বানী বলেন, ‘আমাদের ফাঁসাতে গাছ কাটার অভিযোগ দিয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’