ধুনটে দুই পুলিশকে কুপিয়ে আহত করে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট থানার পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক সদস্যকে কুপিয়ে আহত করে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তাঁর পরিবারের লোকজন। গতকাল শনিবার উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ৩ জুলাই ওই গ্রামের আইয়ুরদীঘি পুকুর দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন। ওই ঘটনায় নিমগাছি ইউনিয়ন বিএনপির নেতা ইকরাম হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। ইকরামের বিরুদ্ধে ২০০৯ সালে ১৪ মার্চ সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা ছিল। এসব মামলায় ইকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গতকাল সন্ধ্যায় ধুনট থানার এএসআই আনিছুর রহমান ও পুলিশ সদস্য ইমরুল হাসান আসামি ইকরামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। খবর পেয়ে আসামির লোকেরা তাঁদের কুপিয়ে ইকরামকে ছিনিয়ে নিয়ে যান। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।