ধুনটে দুই ব্যক্তিকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মুক্তিপণের দািবতে দুজন কাঠমিস্ত্রিকে অপহরণের অভিযোগ উঠেছে৷ এর আগে ১৯ মে নাঈম ইসলাম নামের এক শিশুকে অপহরণ করা হয়৷ এদিকে ঢাকার টঙ্গী থেকে অপহৃত এক পোশাককর্মীকে বগুড়ার আদমদীঘির একটি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে হাসান আলী (২৮) ও তছের উদ্দীনের ছেলে আবদুল মান্নান (৩০) ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন৷ সেখানে পঞ্চগড়ের বাংলাবান্ধা এলাকার আবুল কাশেমের সঙ্গে তাঁদের পরিচয় হয়৷ সপ্তাহ খানেক আগে হাসান ও মান্নান গ্রামে আসেন৷ গত বুধবার সকালে কম দামে লিচু কিনে দেওয়ার কথা বলে হাসান ও মান্নানকে মুঠোফোনে কল করে কাশেম পঞ্চগড়ে তাঁর বািড়তে ডেকে নেন৷ পরে তাঁদের দুজনকেই আটক করে গতকাল বৃহস্পতিবার সকালে হাসানের স্ত্রী বিউটি খাতুনের মুঠোফোন নম্বরে কল করে দুজনের জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন৷
এদিকে মান্নানের মামা আবদুস সালাম অভিযোগ করেন, অপহরণের ঘটনায় ধুনট থানায় তিনি অভিযোগ দায়ের করতে যান৷ কিন্তু পুলিশ সংশ্লিষ্ট থানার সহযোগিতা নিতে বলে৷
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব বলেন, ‘অপহরণকারী ও অপহৃত ব্যক্তিরা আগে থেকেই পরিচিত৷ অপহরণের ঘটনাটি ধুনট থানার আওতায় নয়৷ ঘটনাস্থল সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিলে তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে৷’
পোশাককর্মী উদ্ধার: রাজধানীর টঙ্গী থেকে সম্প্রতি অপহৃত হওয়া ইসমাইল হোসেন নামের এক পোশাককর্মীকে বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে৷ এ সময় সুজ্জাত হোসেন নামের এক অপহরণকারীকে ডাঙ্গাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়৷
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, এক সপ্তাহ আগে ইসমাইলকে টঙ্গী থেকে অপহরণ করা হয়৷ এ ঘটনায় তাঁর ভাই হারুনুর রশিদ গত বুধবার টঙ্গী থানায় একটি মামলা করেন৷ পরে মুঠোফোনে আলাপের সূত্র ধরে টঙ্গী থানার পুলিশ সুজ্জাতের অবস্থান শনাক্ত করে৷ আদমদীঘি থানার পুলিশ বুধবার সুজ্জাতকে গ্রেপ্তার এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের গ্রাম প্রান্নাথপুর থেকে ইসমাইলকে উদ্ধার করে৷