ধুনটে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।
নোটিশ ও বিদ্যালয় থেকে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনেক দিন ধরে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, শিক্ষার্থীদের হয়রানিসহ নানা ধরনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে তিনবার কারণ দর্শানোর নোটিশ দেয় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। কিন্তু প্রধান শিক্ষক এসব নোটিশের কোনো জবাব দেননি।
পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্তে ৩০ মার্চ প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশফুল খাতুনকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান বলেন, প্রধান শিক্ষককে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে কয়েকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এসব নোটিশের জবাব না দিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির প্রমাণ ছাড়া সভাপতি আমাকে বরখাস্ত করতে পারেন না। সভাপতি নিজেই ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।’