ধুনটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন-শ্রমিক আবদুস ছোবাহান (২০) আহত হয়েছেন। তিনি উপজেলার বেলকুচি গ্রামের চরপাড়ার আবদুর রশিদ তালুকদারের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বেলকুচি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ছোবাহান কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন। পথে বেলকুচি চরপাড়ায় দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পুলিশ রাত একটায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছোবহানের বাবা আবদুর রশিদ দাবি করেন, জমিজমা নিয়ে তাঁর ভাই আজিবর রহমানের সঙ্গে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন ছোবাহানকে ছুরিকাঘাত করেছে।
আজিবর রহমান জমিজমার বিষয়ে বিরোধের ঘটনা স্বীকার করলেও ছুরিকাঘাতের কথা অস্বীকার করেছেন।