ধুনটে ধর্ষণের ঘটনা টাকায় মীমাংসার চেষ্টা মাতব্বরদের
বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। স্বাভাবিকভাবে এ ঘটনায় মামলা হওয়ার কথা; কিন্তু মাতব্বরেরা ঘটনাটি মীমাংসার জন্য গ্রাম্য সালিসের আয়োজন করে ধর্ষণের ঘটনায় জড়িত কিশোরকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। টাকা না দেওয়ায় ওই ছাত্রীর বাবা গতকাল সোমবার থানায় মামলা দায়ের করেছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, ধর্ষণ একটি গুরুতর অপরাধ। এ ঘটনা সালিস বৈঠকে মীমাংসাযোগ্য নয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার গোপালনগর ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী নিজ বাড়িতে বসে লেখাপড়া করছিল। ওই সময় তার মা-বাবা বাইরে ছিলেন। এই সুযোগে একই এলাকার এক কিশোর ওই বাড়িতে ঢুকে ছাত্রীটিকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে পাশের বাড়ি থেকে তার মা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
বিষয়টি মীমাংসার জন্য ২৮ জানুয়ারি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আজাহার আলীর নেতৃত্বে ওই কিশোরের বাড়িতে সালিস বৈঠক হয়। এতে স্থানীয় মাতব্বর দেলোয়ার হোসেন, শমসের আলী, ইব্রাহীম হোসেন, আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
আজাহার আলী বলেন, ‘এখানে উভয় পক্ষ একই এলাকার বাসিন্দা। এ কারণে এলাকার স্বার্থে এবং ওই ছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে গ্রামের সবাই বসে ঘটনাটি মীমাংসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ধর্ষণের ঘটনায় জড়িত ছেলেটির পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত আর আপস হয়নি।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবীর বলেন, আজ (মঙ্গলবার) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধর্ষণের ঘটনায় জড়িত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।