ধুনটে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু
বগুড়ার ধুনটে আলাদা ঘটনায় নদীতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার তারাকান্দি ও রাঙামাটি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারাকান্দি গ্রামে মারা গেছে দুই বোন শ্যামলী খাতুন (৫) ও নীলা খাতুন (৩)। এছাড়া রাঙামাটি গ্রামে মারা গেছে মুন্নি খাতুন (৯) নামের এক শিশু।
শ্যামলী ও নীলার বাবার নাম মোসলেম উদ্দিন। বাড়ি ধুনট উপজেলার তারাকান্দি গ্রামে। মুন্নির বাবার নাম মাসুদ রানা। চট্রগ্রাম হালি শহরে তাঁর বাড়ি। ঈদ উপলক্ষে গতকাল মুন্নি মায়ের সঙ্গে ধুনট উপজেলার রাঙামাটি গ্রামে বেড়াতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মা সাজেদা খাতুন শ্যামলী ও নীলাকে বাড়ির পাশে তারাকান্দী নদীর ঘাটে বসিয়ে রেখে কাপড় ধুচ্ছিলেন। একপর্যায়ে মায়ের অগোচরে শ্যামলী ও নীলা পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা নদী থেকে ওই দুই বোনের লাশ উদ্ধার করে।
এদিকে, গতকাল বিকেল তিনটার দিকে বাঙ্গালী নদীর রাঙামাটি ঘাটে অন্যান্য শিশুদের সঙ্গে বালু দিয়ে খেলা করছিল মুন্নি। একপর্যায়ে নদীর পানিতে হাত-পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে সে নিখোঁজ হয়। পরে আজ সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ তারেক হেলাল বলেন, পারিবারিকভাবে ওই শিশুদের দাফন করা হয়েছে।