ধুনটে নির্যাতনের প্রতিবাদ করায় বাবাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গৃহকর্মীকে নির্যাতনের প্রতিবাদ করায় তার বাবাকে পিটিয়ে আহত করেছেন গৃহকর্তা ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় গৃহকর্তাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ তদন্ত করে এর সত্যতা পেয়েছে।থানায় দায়ের করা অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাঠপাড়া গ্রামের আবদুল জলিলের মেয়ে মালেকা খাতুন (৮) একই গ্রামের আবদুল হামিদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। মাস খানেক আগে আবদুল হামিদের ছেলে বকুল হোসেন ও তাঁর স্ত্রী নাজমা খাতুন তুচ্ছ ঘটনা নিয়ে মালেকাকে মারধর করেন। এ ঘটনায় মালেকার বাবা ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। এতে আবদুল হামিদ ও তাঁর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার দুপুরে আবদুল জলিল আবদুল হামিদের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় হামিদ ও তাঁর ছেলেরা জলিলকে বেদম পেটান। পরে স্থানীয় লোকজন জলিলকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় মালেকার মামা আবদুস সাত্তার হামিদ ও তাঁর ছেলে শফিউল হাসান, বকুল হোসেন ও বকুলের স্ত্রী নাজমা খাতুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযুক্ত শফিউল হাসান বলেন, ‘সামান্য ঘটনায় মালেকাকে শাসন করা হয়েছে। মারধর করা হয়নি। জলিল এলাকার লোকজনের কথা শুনে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রতিদিন গালিগালাজ করছেন। এ কারণে তাঁকে চড়থাপড় দেওয়া হয়েছে। তবে ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।’অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ওই গৃহকর্মী ও তার বাবাকে মারধরের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।