স্থানীয় সাংসদের নির্দেশে বগুড়ার ধুনটে ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম নৈশপ্রহরী পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বাতিল করে দিয়েছেন ইউএনও। এর বিরুদ্ধে এক প্রার্থী বাদী হয়ে ইউএনওসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।এ প্রসঙ্গে সাংসদ হাবিবর রহমান বলেন, ‘নিয়োগ কমিটি আমাকে না জানিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তালিকা চূড়ান্ত করেছে। তাঁরা আমাকে অবমূল্যায়ন করেছেন। এ কারণে ওই তালিকা বাতিল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আমি চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ২৯টি বিদ্যালয়ে একজন করে দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগের জন্য গত ৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তালিকাভুক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্যের নিয়োগ কমিটি (প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি) গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে গত ২২ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ কমিটি সাংসদের সঙ্গে পরামার্শ না করেই ওই দিন বিকেলে ২৯ জনের তালিকা চূড়ান্ত করে ইউএনওর কাছে দাখিল করে। এই ঘটনায় বগুড়া-৫ আসনের (ধুনট-শেরপুর) সাংসদ হাবিবর রহমান ক্ষিপ্ত হয়ে কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। দুর্নীতির মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত তালিকা করার অভিযোগ এনে গত ১৭ জুন ইউএনওকে চাহিদাপত্র দিয়ে নিয়োগ বাতিল করেতে নির্দেশ দেন সাংসদ।এই বাতিলের প্রতিবাদে আরিফ শেখ নামে চূড়ান্ত নির্বাচিত এক প্রার্থী গত ২৭ জুন আদালতে মামলা করেন। আদালত বিবাদীদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।ইউএনও হাফিজুর রহমান বলেন, দুর্নীতি হয়েছে কি না, তা তাঁর জানা নেই। কারণ তিনি ওই সময় এ উপজেলার দায়িত্বে ছিলেন না।