ধুনটে নৌকা ডুবে যানবাহন পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর বথুয়াবাড়ী ফেরিঘাটে গতকাল সোমবার নৌকা ডুবে কয়েকটি যানবাহন পানিতে তলিয়ে গেছে। ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের চেষ্টা চলেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে ফেরি বন্ধ থাকায় লোকজন গতকাল সকালে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পারাপার হচ্ছিলেন। সকাল ১০টায় অতিরিক্ত যাত্রী ও যানবাহন নিয়ে পারাপার হতে গিয়ে নৌকাটি ফেরির পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় নৌকায় পাঁচটি মোটরসাইকেল, তিনটি অটোরিকশা ও একটি ভটভটি ছিল। খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা যানবাহন উদ্ধারে নামেন। এলাকাবাসীর অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কথা বলে ঘাটের ফেরি মাঝেমধ্যেই বন্ধ রাখা হয়। ফলে তাঁরা শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে পারাপার হতে বাধ্য হন। আওয়ামী লীগের স্থানীয় এক নেতার মাধ্যমে নৌকার মাঝিদের সঙ্গে ফেরি বিভাগের গোপন একটি চুক্তি রয়েছে। রোববার রাতে ফেরি ও নৌকার লোকজনের সঙ্গে বসে টাকা ভাগাভাগি করে নেন ওই নেতা। ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন বলেন, ‘ঘাট এলাকায় আমার বাড়ি। সকাল-বিকাল আমি এখানে থেকে ঘাটের ফেরি ও নৌকায় লোকজনের পারাপার দেখাশোনা করি। টাকার বিনিময় কোনো কিছু করছি না। লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’ফেরির চালক আফজাল হোসেন দাবি করেন, ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে সকালে বন্ধ রাখা হয়েছিল। নৌকার মাঝিদের সঙ্গে কোনো চুক্তি ছিল না। তারাকান্দি গ্রামের ডুবুরি মোজামেঞ্চল হক জানান, ডুবে যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নদীতে পানি বেশি থাকায় তিনটি অটোরিকশা ও ভটভটিটি এখনো পাওয়া যায়নি।