ধুনটে পাউবোর ৮০ লাখ টাকা জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন ঠেকাতে নির্মিত শহড়াবাড়ি এক নম্বর স্পারের ৩৫ মিটার সোমবার রাতে যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। এ নিয়ে গত এক মাসে স্পারটির ৮৫ মিটার বিলীন হলো। ভাঙন ঠেকাতে এই সময়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৮০ লাখ টাকার কাজ করলেও তাদের অবহেলার কারণে স্পারটি ভাঙন থেকে রক্ষা করা যাচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। পানি উন্নয়ন বোর্ডের বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে সাত শ মিটার দীর্ঘ শহড়াবাড়ি এক নম্বর স্পারটি নির্মাণ করা হয়। দফায় দফায় ভাঙনের পর এত দিন স্পারের ২৮০ মিটার অংশ টিকে ছিল। প্রবল স্রোতে গত ২৯ জুন স্পারের ৩০ মিটার, ৪ জুলাই ২০ মিটার বেল মাউথ (সামনের অংশ) নদীতে ধসে যায়। দুবারই ভাঙন ঠেকাতে কাজ করেছে পাউবো। সোমবার রাতে স্পারের ৩৫ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্পারের মেরামতকাজ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর এক কর্মকর্তা জানান, শহড়াবাড়ি স্পারের ভাঙন ঠেকাতে ২৫ হাজার সিসি ব্লক ও বালুভর্তি ৩০ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। এ কাজে ব্যয় হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। তাতেও ভাঙন ঠেকানো যায়নি।গোসাইবাড়ি কলেজের প্রভাষক আবদুর রাজ্জাক জানান, শহড়াবাড়ী স্পারটি এক মাসে তিনবার ভাঙল। পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণেই স্পারটি ভেঙে গেছে। ভাঙন শুরু হওয়ার আগে পাউবো এসব কাজ করলে ভাঙন রোধ করা সম্ভব হতো। স্পারের ভাঙন ঠেকাতে না পারলে বন্যায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।পাউবো বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল স্পারের ভাঙন ঠেকাতে ৮০ লাখ টাকার কাজের কথা স্বীকার করে জানান, ‘পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে সোমবার মধ্যরাতে তৃতীয় দফায় স্পারের একটা অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। তবে আমাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সঠিক নয়।’