ধুনটে পাতা কোঁকড়া রোগে লোকসানে টমেটোচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বৈরী আবহাওয়ায় পাতা কোঁকড়ানো রোগে টমেটোচাষিরা লোকসানের শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন। লাভের আশায় টমেটো চাষ করে এখন লোকসানের খাতায় হিসাব মেলাতে হচ্ছে বলে এসব চাষি জানিয়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে এবার প্রায় ৩৫ হাজার কৃষক প্রায় ৩০০ হেক্টর জমিতে টমেটো চাষ করেন। এই ফসল চাষে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকেরা দিন দিন টমেটো চাষে আগ্রহী হয়ে উঠছেন। কিন্তু এ বছর শুরু থেকেই আবহাওয়া টমেটো চাষের অনুকূলে না থাকায় পাতা কোঁকড়া রোগ দেখা দেয়। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে হঠাৎ করে বাজারদর কমে যাওয়ায় টমেটোচাষিরা লাভের আশা ছেড়ে দিয়ে লোকসানের হিসাবই কষছেন।
গত সোমবার সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি টমেটোর হাটে গিয়ে কৃষকদের সঙ্গে কথা হয়। স্থানীয় কৃষকেরা প্রতিদিন মাঠ থেকে টমেটো তুলে ওই হাটে বিক্রি করতে নিয়ে আসেন।
হাটে আসা তারাকান্দি গ্রামের টমেটোচাষি মোস্তাফিজার রহমান বলেন, লাভের আশায় এ বছর অনেক টাকা ঋণ করে গত বছরের চেয়ে বেশি জমিতে টমেটো চাষ করেছিলেন তিনি। কিন্তু চাষাবাদের শুরু থেকে রোদ ও বৃষ্টি প্রয়োজনের তুলনায় বেশি হওয়ায় পাতা কোঁকড়া হয়ে গাছগুলো মরে যেতে শুরু করে। এতে টমেটোর উৎপাদনও কম হয়েছে। অন্যদিকে এখন বাজারে টমেটোর দামও কম গেছে। তাই ঋণ শোধ করা কঠিন হয়ে পড়েছে।
পাঁচথুপি গ্রামের টমেটোচাষি রফিকুল ইসলাম বলেন, গত বছর এক বিঘা জমিতে টমেটো চাষ করে সব খরচা বাদ দিয়ে এক লাখ টাকা লাভ হয় তাঁর। তাই এবার তিন বিঘা জমিতে টমেটোর চাষ করেন তিনি। কিন্তু এ বছর টমেটো চাষের অনুকূল আবহাওয়া না থাকায় পাতা কোঁকড়া হয়ে গাছ মারা গেছে। কীটনাশক দিয়েও কাজ হয়নি। তার ওপর হঠাৎ করে বাজারে টমেটোর দাম পড়ে গেছে। এখন যে বাজার, তাতে লাভ তো দূরের কথা, লোকসানও যে কত হবে, তার হিসাব রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
টমেটো ব্যবসায়ী আবদুর রহমান বলেন, এই বাজার থেকে প্রথম দিকে প্রতি মণ টমেটো প্রায় তিন হাজার টাকা করে কিনেছেন তিনি। এখন সেই টমেটো ৩০০ থেকে ৪০০ টাকায় কেনা যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গত বছরের চেয়ে এ বছর ধুনটে অতিরিক্ত ৫০০ কৃষক টমেটো চাষ করেছেন। কিন্তু টমেটো গাছের পাতা কোঁকড়ানো রোগ দেখা দেয়। রোগাক্রান্ত গাছে টমেটোর ফলন ভালো হবে না। তাই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এ ছাড়া বর্তমানে বাজারদর কম থাকায় কৃষকেরা আরও বেশি লোকসানের শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।