ধুনটে প্রতিপক্ষের হামলায় আহত ৪ বাড়ি ভাঙচুর
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গত বুধবার চার নারী আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের লোকজন একটি বাড়ি ভাঙচুর ও মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন গ্রামপুলিশসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।আহত নারীরা হলেন, উপজেলার বিলকাজুলী গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের মেয়ে বন্যা দাস (২৪), চাচাত বোন প্রভা রানী (৩৫), শুকু রানী (৪০) ও ভাবি মলিনা রানী দাস (৪৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বসতবাড়ির ২১ শতক জমি নিয়ে গোবিন্দ চন্দ্র দাসের সঙ্গে প্রতিবেশী রাধা গোবিন্দ দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে বুধবার রাত সাড়ে আটটায় রাধা গোবিন্দ দাসের পক্ষ হয়ে ধুনট সদর ইউনিয়নের তিনজন গ্রামপুলিশ—প্রদীপ কুমার, প্রভাত কুমার ও দ্বীপ নারায়ণ চন্দ্র দাসের নেতৃত্বে সন্ত্রাসীরা গোবিন্দ দাসের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট শুরু করে। এতে বাধা দিলে তাদের হামলায় চারজন নারী আহত হন। গ্রামপুলিশ প্রদিপ কুমার দাবি করেন, ‘আমার মামা রাধা গোবিন্দ দাসের কেনা জমি জোর করে দখল নিয়ে গোবিন্দ দাস সেখানে বসতবাড়ি করেছে। বুধবার তারা আমার লোকজনকে প্রথম মারধর করে। এতে আমাদের লোকজন ক্ষিপ্ত হয়ে গোবিন্দ দাসের বাড়িঘর ভাঙচুর করেছে। তবে কোনো লুটপাট করা হয়নি।’ধুনট থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, এ বিষয়ে গোবিন্দ দাস মামলা করেছেন। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।