ধুনটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা
বগুড়ার ধুনটে বাক্ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (৩৬) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ধুনট থানায় এ মামলা করেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নিত্তিপতা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে গত মঙ্গলবার সকালে দিনমজুর হিসেবে কাজ করতে আসেন একই গ্রামের আলিমুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৩৬)। ওই একই দিন ওই বাড়িতে ঝিয়ের কাজ করতে আসেন বাক্ ও শারীরিক প্রতিবন্ধী মেয়েটির মা। তিনি প্রতিবন্ধী মেয়েকে সঙ্গে নিয়েই ওই বাড়িতে কাজে আসেন। বেলা ১১টার দিকে তিনি মেয়েটিকে নিজের আধা করা কাজ পাহারা দিতে রেখে নিজ বাড়িতে যান অন্য ছেলেমেয়েদের খোঁজ নিতে। এই সুযোগে রেজাউল প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় বাড়িতে থাকা গৃহকর্তা নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া বিষয়টি টের পেয়ে রেজাউলকে আটক করেন। তাঁরা রেজাউলকে আরেকটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। এরই এক ফাঁকে রেজাউল ওই ঘরের বেড়া ভেঙে পালিয়ে যান। এরপর গতকাল সকালে প্রতিবন্ধী মেয়েটির মা রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা করেন।
প্রতিবন্ধী মেয়েটির মা বলেন, তাঁর মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী। সে ভালোভাবে কথা বা একা চলাফেরা করতে পারে না। অভারের সংসার। মেয়ের নিরাপত্তার কথা ভেবেই যেখানেই তিনি কাজ করতে যান মেয়েকে সঙ্গে নেন।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, রেজাউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।