ধুনটে প্রতিবন্ধীকে নির্যাতনের অভিযোগ
বগুড়ার ধুনটে বসতভিটা থেকে উচ্ছেদে বাধা দেওয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণকে প্রতিপক্ষের লোকজন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাটিকাবাড়ী গ্রামের কাজেম উদ্দিনের সঙ্গে তাঁর ভাই গোলাম রব্বানীর বসতভিটা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রোববার সকালে গোলাম রব্বানী তাঁর লোকজন নিয়ে কাজেম উদ্দিনকে তাঁর বসতভিটা থেকে উচ্ছেদ করতে যান। এ সময় কাজেমের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে হারুন-অর-রশিদ (৩০) তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম রব্বানীর লোকজন রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে হারুনকে মারধর করে। এ ঘটনায় কাজেম উদ্দিন বাদী হয়ে গোলাম রব্বানীসহ আটজনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।গোলাম রব্বানী দাবি করেন, ‘আমি কাজেমের কাছ থেকে অনেক দিন আগে তাঁর বসতভিটা কিনেছি। তাই তাঁকে ঘরের দখল ছেড়ে দিতে বলা হচ্ছে। কিন্তু দখল ছেড়ে না দিয়ে কাজেম তাঁর পাগল ছেলে হারুনকে দিয়ে বাড়ির উঠানে লাগানো কাঁঠালগাছের চারা ভেঙে ফেলেছে। এ কারণে আমার স্ত্রী ও ছেলেমেয়েরা ওই ছেলেকে বেঁধে রেখেছিল।’ তবে কাজেম উদ্দিন বসতভিটা বিক্রি করার কথা অস্বীকার করেছেন।ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মাজেদ জানান, কাজেমের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করা হচ্ছে। দুই ভাইয়ের মধ্যে বসতভিটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।