ধুনটে প্রধান শিক্ষকের কারণে দুই শিক্ষক বেতনবঞ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় এমপিএসটি উচ্চবিদ্যালয়ের নিয়োগ পাওয়া দুই শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় সরকারি বেতন-ভাতা তুলতে পারছেন না। ওই দুই শিক্ষককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষক জালিয়াতির আশ্রয় নেওয়ায় এ অবস্থার তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারভিন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চবিদ্যালয়ে গণিত বিষয়ে গোলাম মোস্তফা ও ইংরেজি বিষয়ে রফিকুল ইসলাম নামের এমপিওভুক্ত দুজন শিক্ষক আছেন। তাঁরা নিয়মিত চাকরি ও বেতন-ভাতা তুলছেন। তারপরও প্রধান শিক্ষক আফছার আলী তথ্য জালিয়াতির মাধ্যমে ২০১৬ সালের ৬ জুন গণিত ও ইংরেজি বিষয়ে দুটি শিক্ষকের পদ শূন্য দেখিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে শিক্ষক নিয়োগের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গণিত বিষয়ে উপজেলার অলোয়ার আমিনুল ইসলাম ও ইংরেজি বিষয়ে পাঁচথুপি গ্রামের আসনিছে জান্নাতকে এনটিআরসিএ থেকে নিয়োগ দেওয়া হয়। এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত ওই দুই শিক্ষক ২০১৬ সালের ১০ আগস্ট বিদ্যালয়ে যোগ দেন। এমপিওভুক্তির জন্য তাঁরা রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক বরাবর কয়েক দফা আবেদন করেন। কিন্তু গণিত ও ইংরেজি বিষয়ে শূন্য পদ না থাকায় ওই দুই শিক্ষক এমপিও হিসেবে বেতন-ভাতা পাচ্ছেন না।

এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত শিক্ষক আসনিছে জান্নাত বলেন, ‘উপজেলায় এনটিআরসিএ থেকে মনোনীত ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যেকোনো ১টিতে আমার যোগ দেওয়ার সুযোগ ছিল। তাই ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এখানে যোগদান করি। কিন্তু প্রধান শিক্ষকের তথ্য জালিয়াতির কারণে আমার বেতন-ভাতা এমপিওভুক্ত হচ্ছে না। এ ঘটনায় আমি আদালতের আশ্রয় গ্রহণের প্রস্তুতি নিয়েছি।’

প্রধান শিক্ষক আফছার আলী বলেন, নিয়োগের বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় এনটিআরসিএ বরাবর ভুল তথ্য দিয়ে গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছিল। তাই তাঁদের বেতন-ভাতা ছাড় করা সম্ভব হচ্ছে না। তারপরও বিকল্প পদ্ধতিতে ওই দুই শিক্ষকের বেতান-ভাতা এমপিওভুক্তির চেষ্টা করা হচ্ছে।

মথুরাপুরের এমপিএসটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রণব কুমার চক্রবর্তী বলেন, প্রধান শিক্ষকের ভুলে দুই শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে দুই শিক্ষককে আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম বলেন, এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত দুই শিক্ষকের বেতন-ভাতা এমপিওভুক্ত হওয়ার কোনো বৈধতা নেই। প্রধান শিক্ষকের তথ্য জালিয়াতির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।