বগুড়ার ধুনটে ইউপি নির্বাচনে কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপি ও ভোট গণনায় জালিয়াতির মাধ্যমে ফলাফল প্রকাশের অভিযোগ উঠেছে। একাধিক প্রার্থী এসব ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। এ ছাড়া দুজন প্রার্থী একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে গত শনিবার উপজেলার ১০টি ইউপির নির্বাচন হয়। এই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপি ও ভোট গণনায় জালিয়াতি করে তাঁদের পছন্দের প্রার্থীকে জয়ী করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাপ্ত ভোট অনুযায়ী সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ঝর্ণা খাতুন জয়ী হওয়ার কথা। কিন্তু সেখানে আকতার পারভীন নামের এক প্রার্থীকে ভুল হিসাব দিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। প্রিসাইডিং কর্মকর্তার ভুলের বিষয়ে গত রোববার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে ঝর্ণা খাতুন লিখিত অভিযোগ দেন এবং গতকাল মঙ্গলবার দুপুরে ধুনট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
মথুরাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কালাচাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে ভোটের ফলাফল জালিয়াতি করে তাঁকে পরাজিত করা হয়েছে। তিনি গত সোমবার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাকছুদুল হকের লিখিত অভিযোগে বলা হয়েছে, তাঁর মার্কায় সিল মারা ব্যালট বিএনপির বিদ্রোহী প্রার্থী মঈনুল হাসানের নামে গণনা করে মঈনুলকে জয়ী ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নের আরেক চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের অভিযোগ, ভুয়া ভোট গণনা করে তাঁকে পরাজিত করা হয়েছে।
চিকাশি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী সামছুজ্জোহা বেলালের অভিযোগ, ‘ভোট জালিয়াতি করে আমাকে পরাজিত করা হয়েছে।’ নিমগাছি ইউনিয়নের প্রার্থী সুজাউদ্দৌলার অভিযোগ, দুটি কেন্দ্রের ফল প্রকাশ না করে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কালেরপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা খাতুনের দাবি, দুই কেন্দ্রের ফলাফল প্রকাশ না করেই প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গোপালনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শফিকুল ইসলামের অভিযোগ, ভুয়া ভোট গণনার মাধ্যমে তাঁকে পরাজিত করা হয়েছে। এসব প্রার্থী ফলাফল বাতিল করে ভোট পুনর্গণনার দাবিতে উপজেলা নির্বাচন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান বলেন, অনেক প্রার্থীর ঢালাও অভিযোগ সঠিক নয়। তবে অনেক কেন্দ্রের ভুলে ভরা ফলাফলের বিষয় নিয়ে একাধিক পরাজিত প্রার্থী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
ইউএনও হাফিজুর রহমান বলেন, ভোট জালিয়াতিতে সহযোগিতা করার অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং একজনের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুলে ভরা ফলাফলের অভিযোগগুলো নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।