ধুনটে বউমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে বগুড়ার ধুনটের সরকারপাড়া গ্রামে ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও উৎসাহ আর নানা আয়োজনে শেষ হয়েছে এই মেলা।
ধুনট পৌরসভার পূর্ব পাশে ইছামতী নদীর পাড়ে অবস্থিত শতভাগ হিন্দু সম্প্রদায়ের একটি গ্রামের নাম সরকারপাড়া। গ্রামটিতে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বসানো হয় মেলা। দুপুর ১২টার পর থেকে শুরু হয়ে সন্ধ্যায় নদীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয় মেলা। এই মেলায় নারীদের উপস্থিতি বেশি থাকায় এটা বউমেলা নামে পরিচিতি লাভ করেছে। এই মেলায় বসে বারোয়ারি দোকান। নারীরা মনের আনন্দে মেলা থেকে কেনেন চুরি, দুল, ফিতা, টিপসহ রকমারি প্রসাধনী সামগ্রী।
মেলায় আসা লিলিমা সরকার বলেন, ‘এই মেলায় কোনো ছেলে মানুষ নাই। আমরা সবাই নারী। তাই সবাই মিলেমিশে মনের আনন্দে কেনাকাটা করতে পারি। এ কারণে প্রতিবছর এই মেলায় আসি।’
এ ব্যাপারে মেলা কমিটির সভাপতি ভানু সেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার মেলা বেশি জমেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং আবহাওয়া অনুকূলে রয়েছে।