ধুনটে বউমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুনটে বউমেলায় কেনাকাটায় ব্যস্ত নারীরা। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো
ধুনটে বউমেলায় কেনাকাটায় ব্যস্ত নারীরা। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার ধুনটে ঐতিহ্যবাহী সরকারপাড়া বউমেলা জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয় এ মেলা।
ধুনটের সদর থেকে দুই কিলোমিটার দূরে ইছামতী নদীর তীরে সরকারপাড়া গ্রামটি অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সেই সরকারপাড়া গ্রামে প্রতিবছরই এ মেলা বসে। প্রতিমা বিসর্জনের দিনে এ মেলা হয়। বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে মেলার। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার সব বয়সের নারীরা মেলা উপভোগ করেন বলে এই মেলার নাম দেওয়া হয়েছে বউমেলা। মেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্য ধর্মের মানুষেরও উপস্থিতির কমতি থাকে না।
মেলায় আগত নারী নারগিস খাতুন বলেন, অনেক বছর ধরেই তাঁরা এ মেলায় আসেন। এখানে নারীদের নিরাপত্তার জন্য কোনো সমস্যায় পড়তে হয় না। তাই ঘুরে ঘুরে জিনিসপত্র দেখা আর কেনা যায়।
মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক সুদীর কুমার সরকার বলেন, ‘প্রতিবছরের মতো আমাদের এই বউমেলাটি এবারও ছিল জমজমাট। স্থানীয় প্রশাসন ও অন্য ধর্মের লোকজনের সহযোগিতার কমতি ছিল না।’
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, সরকারপাড়া বউমেলায় আগতদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।