ধুনটে বখাটে যুবক গ্রেপ্তার
বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে স্কুলছাত্রীর চাচা রাজ্জাকুল কবীর ধুনট থানায় মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেলকুচি গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে ধুনট দক্ষিণ অফিসার পাড়ার মাহামুদল (২২) উত্ত্যক্ত করতেন। গত ১২ নভেম্বর সন্ধ্যায় বেলকুচি গ্রামের মগর আলীর বাড়ির কাছে মাহামুদুল ওই ছাত্রীকে জড়িয়ে ধরেন। বিষয়টি তখন ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়। কয়েক দিন ধরে ওই ছাত্রী উপজেলা সদরে তার চাচার বাসায় অবস্থান করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় চাচির সঙ্গে ধুনট বাজারে কেনাকাটা করতে গেলে মাহামুদুল তার পথরোধ করে নানা ধরনের ভয়ভীতি দেখায় এবং অশ্লীল ভাষায় গালি দেয়। এ সময় পুলিশ মাহামুদুলকে ঘটনাস্থল থেকে আটক করে।মাহামুদল দাবি করেন, এসব ঘটনা অসত্য। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, ঘটনা জানার পরেই মাহামুদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী/০৩-এর ১০ ধারায় মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।