ধুনটে বখাটেদের মারপিটে পুলিশ ও ব্যবসায়ী আহত
বগুড়ার ধুনটে মাদকাসক্ত বখাটেদের মারপিটে গত বুধবার রাতে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। সাউন্ডবক্সে বিকট শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় বখাটেরা এ হামলা চালায়।
থানা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা কুঠিবাড়ী সাহাপাড়ায় সরস্বতী পূজা উপলক্ষে ২ ফেব্রুয়ারি থেকে স্থানীয় কিছু বখাটে মদপান করে বিকট শব্দে সাউন্ডবক্সে গান বাজিয়ে হইচই, চিৎকার-চেঁচামেচি করে আসছিল। পূজা শেষ হওয়ার পরও তারা হট্টগোল চালিয়ে যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। গত বুধবার রাতে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী স্বপন কুমার সাহা ও ওই এলাকায় ভাড়াটে ধুনট থানার পুলিশ কনস্টেবল জগদীশ চন্দ্র সরকারসহ কয়েকজন গিয়ে বখাটেদের সাউন্ডবক্স বাজিয়ে হট্টগোলের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে শুভ কুমার সাহা, মনতোষ কুমার সাহা, মানব কুমার সাহাসহ কয়েকজন মিলে ব্যবসায়ী স্বপন ও পুলিশ কনস্টেবল জগদীশকে মারপিট করে। এতে আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর পুলিশ কনস্টেবল প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বখাটেরা পালিয়ে যায়। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মাসুদ রানা বলেন, ‘আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব মাদকাসক্তকে গ্রেপ্তার করতে বলেছি পুলিশকে।’
তবে অভিযুক্ত বখাটেরা পলাতক থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।