ধুনটে বন্যানিয়ন্ত্রণ বাঁধের স্পারের ৭০ মিটার ধস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষার ৭০ মিটার স্পার ধসে গেছে। প্রবল স্রোতে গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এর ফলে বাঁধটি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙনরোধে ২০০২ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে বানিয়াজান গ্রামের কাছে আড়াআড়িভাবে ১ হাজার ২০০ মিটার লম্বা স্পার নির্মাণ করা হয়। এর মধ্যে বাঁধ থেকে নদীর বুকে ১ হাজার ৫০ মিটার অংশ মাটির তৈরি এবং সামনের দিকে ১৫০ মিটার পাকা। নির্মাণের পর থেকে প্রতিবছর দফায় দফায় ভাঙনের কবলে পড়ে স্পারটির বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল ভোরে প্রবল স্রোতে স্পারের মধ্যভাগের ৭০ মিটার অংশ ধসে যায়।