ধুনটে বস্তাসংকটে ধান-চাল কেনা বন্ধ
বগুড়ার ধুনটে সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনের পর প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। বস্তাসংকটের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৬ মে উপজেলায় ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলার এক হাজার ১১৮ জন প্রকৃত কৃষকের কাছ থেকে ৫৫৯ মেট্রিক টন ধান ও ৪০ জন চালকল মালিকের কাছ থেকে এক হাজার ৭২০ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৩৫ হাজার বস্তা চাহিদা দেওয়া হয়। কিন্ত খাদ্য বিভাগ থেকে মাত্র ১৬ হাজার বস্তা সরবরাহ করা হয়েছে। ধান কেনার লক্ষ্যমাত্রা অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষকের তালিকা চূড়ান্ত করে খাদ্যগুদামে পাঠান। কৃষি কার্যালয়ের তালিকা অনুযায়ী উদ্বোধনের পর এক সপ্তাহে মাত্র ৭৭ মেট্রিক টন ধান এবং ৬৮৪ মেট্রিক টন চাল কেনা হয়েছে। এরপর গুদামে বস্তাসংকট দেখা দেওয়ায় গত দুই মাস ধরে ধান-চাল কেনা বন্ধ রয়েছে। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) রাশেদুল ইসলাম জানান, বস্তাসংকটের কারণে ধান কেনা যাচ্ছে না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবল চন্দ্র বৌদ্য জানান, বস্তা তৈরির কারখানা চাহিদা অনুযায়ী বস্তা সরবরাহ করতে পারছে না। এ জন্য বস্তাসংকট সৃষ্টি হয়েছে।