ধুনটে বাঁধে ধস, আট গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ার ধুনটে বাঙালি নদীর মহিষমটি বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৭০ মিটার ধসে গেছে। ফলে জেলা শহরের সঙ্গে আটটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁধটি এসব গ্রামের মানুষের চলাচল ও পরিবহনব্যবস্থার একমাত্র পথ ছিল।
এ ছাড়া ধসে যাওয়া স্থান দিয়ে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে ধুনট উপজেলার বথুয়াবাড়ী থেকে শেরপুর উপজেলার সাহেববাড়ী ঘাট পর্যন্ত বাঙালি নদীর পূর্ব পাশ দিয়ে একটি স্থানীয় বেসরকারি এনজিও সংস্থা প্রায় আট কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। এই বাঁধটি ধুনট উপজেলার বথুয়াবাড়ী, বিলকাজুলি, পেচিবাড়ী ও শেরপুর উপজেলার চকধলী ও চককল্যাণী, জয়লা-জুয়ান, গুয়াগাছি ও বেলগাছি গ্রামের মানুষ রাস্তা হিসেবে ব্যবহার করত।
নির্মাণের পর থেকে অতিবৃষ্টি ও নদীর পানির স্রোতে বাঁধটি কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের ভাঙন রোধে ২০০৮-৯ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে মহিষমটি এলাকায় নদীর তীর ঘেঁষে ১৪৪ মিটার বাঁশের পাইলিং করে চার হাজার বালুর বস্তা ফেলে বাঁধটি মেরামত করা হয়। পরে ২০১১ সালে বগুড়া পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সিসি ব্লক দিয়ে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করে।
চলতি সপ্তাহে অতিবৃষ্টির কারণে বাঙালি নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে বন্যানিয়ন্ত্রণ এই বাঁধটি প্রায় ৭০ মিটার ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়।
চকধলী গ্রামের রিকশাভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষ ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছে। কোনো মালামাল পারাপার করতে পারছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, মহিষমটিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধ করতে প্রচুর অর্থ বরাদ্দ লাগবে। সময়মতো অর্থ বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।