ধুনটে বাঁশবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন থেকে গতকাল শনিবার পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। টাকা হারিয়ে যাওয়ায় গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
ওই গৃহবধূর নাম আরজিনা খাতুন (৩৭)। ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের বাঁশবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ও থানার পুলিশ জানায়, প্রায় ২০ বছর আগে চৌকিবাড়ি ইউনিয়নের বিষপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে আরজিনা খাতুনের সঙ্গে বিশ্বহরিগাছা গ্রামের শুকুর আলীর ছেলে রেজাউল করিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আরজিনাকে নির্যাতন করার অভিযোগ আছে রেজাউলের বিরুদ্ধে। এ বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে বৈঠকও হয়েছে।
গত শুক্রবার ঘর থেকে ১২ টাকা হারিয়ে যায়। এ ঘটনা নিয়ে রেজাউল টাকা চুরির অভিযোগে স্ত্রী আরজিনাকে মারধর করেন। পরে গতকাল সকালে আরজিনার লাশ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে রেজাউল আত্মগোপন করেছেন। তাঁর ভাইও বাড়িতে নেই।
থানার পুলিশ খবর পেয়ে বেলা ১১টার দিকে আরজিনার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর বড় ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন।
আবদুর রাজ্জাক বলেন, বিয়ের পর থেকেই রেজাউল তাঁর বোনকে মারধর করতেন। শুক্রবার রাতে রেজাউল আরজিনাকে পিটিয়ে হত্যা করেছেন। পরে তিনি বাড়ির পাশে বাঁশবাগানে লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আরজিনা খাতুনের শরীরে ও দুই পায়ে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। আরজিনার পরিবারের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।