ধুনটে বাঙ্গালী নদীতে ভাঙন, রাস্তা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুনটে বাঙ্গালী নদী ভেঙে নিয়ে যাচ্ছে দুই গ্রামের মানুষের চলাচলের রাস্তা। বসতভিটা, আবাদি জমিও হুমকিতে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ধুনটে বাঙ্গালী নদী ভেঙে নিয়ে যাচ্ছে দুই গ্রামের মানুষের চলাচলের রাস্তা। বসতভিটা, আবাদি জমিও হুমকিতে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলায় এলাঙ্গী ইউনিয়নের হাসাপটল ও কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মধ্যকার রাস্তা বাঙ্গালী নদীর ভাঙনে বিলীন হওয়াসহ বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ফলে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াসহ তৈরি হয়েছে সব হারানোর ভয়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, বাঙ্গালী নদীর পূর্বপাশেই রামনগর ও হাসাপটল গ্রাম। এই দুই গ্রামের মানুষের বাঙ্গালী নদী পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে বিলচাপড়ি সেতু। নদীর পূর্ব পাশঘেঁষে রামনগর ও হাসাপটল গ্রামের রাস্তা। দুটি গ্রামের মানুষ ওই রাস্তা হয়ে সেতু পেরিয়ে জেলা ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। নদীর স্রোতে রাস্তাটি ভেঙে যাওয়ায় রামনগর ও হাসাপটল গ্রামের মানুষের চলাচলে সেতুর সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে গেছে।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, বাঙ্গালী নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বেড়েছে। পানির প্রবল স্রোতে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিনে নদীর পূর্ব পাশে রামনগর গ্রাম থেকে এলাঙ্গী ইউনিয়নের হাসাপটল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। ফলে নদীর পূর্ব পাশে অবস্থিত এ দুই গ্রামের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দুই গ্রামের ২০টি পরিবারের বসতভিটা এবং প্রায় ১০ একর আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে।
হাসাপটল গ্রামের আজাহার আলী বলেন, ‘নদীর পানি বেড়ে রাস্তায় ভাঙন ধরেছে। ফলে আমরা এই গ্রামের মানুষ চার দিন ধরে যানবাহন নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারছি না। জমির আইল বা খেতের ভেতর দিয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।’
রামনগর গ্রামের কাশেম আলী বলেন, নদীর ভাঙনে রাস্তা বিলীন হওয়ায় রামনগর, হেউট নগর, ঈশ্বরঘাট গ্রাম হয়ে প্রায় চার কিলোমিটার রাস্তা ঘুরে বিলচাপড়ি সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ ছাড়া দুটি গ্রামের ২০টি পরিবারের বসতভিটা ও প্রায় ১০ একর আবাদি জমি ভাঙনের হুমকিতে আছে।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক বলেন, কয়েক বছর ধরেই বাঙ্গালী নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এ এলাকায় গত কয়েক দিনের বৃষ্টিতে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বার কথা হয়েছে। কিন্তু ভাঙনরোধে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রাজেস খান বলেন, বাঙ্গালী নদীর ভাঙনরোধের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে দরপত্র আহ্বান করা হলেও উপযুক্ত দরদাতা পাওয়া যায়নি। ভাঙনরোধ প্রকল্পের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।