ধুনটে বাঙ্গালী নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত সেতু
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর ভাঙনে হুমকিতে পড়েছে বথুয়াবাড়ী নবনির্মিত সেতু ও সংযোগ সড়ক। নদীতে অবৈধ বাঁধ নির্মাণের ফলে স্রোতের গতিপথ পরিবর্তন হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়, উপজেলার পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে বাঙ্গালী নদী। নদীর বথুয়াবাড়ি ঘাটে নব্বইয়ের দশকে নির্মিত হয় একটি বেইলি সেতু। এক সময় সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তাই বেইলি সেতু অপসারণ করে এর পিলারের (স্তম্ভ) ওপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে পিএসসি গার্ডার সেতু নির্মাণ করা হয়। দরপত্র আহব্বানের মাধ্যমে নওগাঁর এমএসএইচ অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১১ সালের ৪ জুন সেতুর নির্মাণকাজ শুরু করে। চলতি বছরের জুলাই মাসে কাজ শেষ হয়। সেতুর দুই পাশে ৩০ মিটার করে সংযোগ সড়ক নির্মাণ করতে মাটির ওপর সিসি ব্লকও বসানো হয়। তবে সম্প্রতি নদীর পানি কমে গিয়ে সেতুর পূর্ব পাশের সংযোগ সড়ক ভাঙনের কবলে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক বাঙ্গালী নদীর আড়িয়ামারা এলাকায় অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এ বিষয়ে গত ১৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ আওয়ামী লীগ নেতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদেনে বলা হয়, নদীতে বাঁধ দিয়ে পানির গতিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ধুনট-শেরপুর সড়ক ও বথুয়াবাড়ী সেতুসহ সংযোগ সড়ক হুমকির মুখে পড়েছে। ওই দিনই বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল কবির তিন দিনের মধ্যে নদী থেকে বাঁধ অপসারণের জন্য পরিবেশ ও বন, পানিসম্পদ, ভূমি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তার কাছে নোটিশ পাঠান। ২২ সেপ্টেম্বর বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাঁধ অপসারণ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়। কিন্তু ইউএনও এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারেননি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিনটি গ্রামের বাসিন্দারা নদীভাঙন থেকে জমি রক্ষা করতে নিজেদের উদ্যোগে আড়িয়ামারা খালে বাঁধ নির্মাণ করেছেন। বাঙ্গালী নদীতে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, নদীর পানি কমের যাওয়ায় সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে ভাঙন ধরেছে। দু-এক দিনের মধ্যেই ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ জন্য অপেক্ষা করতে হবে।