ধুনটে বাবা-মাকে কুপিয়ে মেয়েকে অপহরণকালে দুই কিশোর গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বাবা-মাকে কুপিয়ে জখম করে মেয়েকে অপহরণের সময় গ্রামবাসী দুই কিশোরকে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মথুরাপুর ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় মধুপুর গ্রামের রাসেল মাহমুদ (২২) প্রায়ই উত্ত্যক্ত করতেন। ওই ছাত্রী সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে শুক্রবার রাত ১০টার দিকে রাসেলের নেতৃত্বে ১৫ জন তরুণ ওই ছাত্রীর বাড়িতে হামলা চালান এবং মেয়েটিকে অপহরণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির বাবা ও মা বাধা দিলে অপহরণকারীরা তাঁদের মারধর ও কুপিয়ে জখম করেন। পরে আহতদের চিৎকারে লোকজন ঘটনাস্থলে এসে রুদ্রবাড়িয়া গ্রামের এক কিশোর (১৬) ও অলোয়া গ্রামের আরেক কিশোরকে (১৬) আটক করে।
এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দুই কিশোরকে রাত দুইটায় জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেয়ের বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে রাসেল ও আটক দুজনসহ ১০ তরুণের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মেয়ের বাবা বলেন, ‘অপহরণকারীরা ঘরে ঢুকে আমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় আমার স্ত্রী এগিয়ে এলে তাকেও কোপ দেয়।’
রাসেল হোসেন বলেন, ‘ওই ব্যক্তির স্ত্রী ও মেয়ে ভালো মানুষ না। তাই ওই গ্রামের জেল হোসেন নামের এক মাতবরের কথামতো তাঁদের ভালো হওয়ার জন্য লোকজন নিয়ে হুমকি দিতে গিয়াছিলাম। কাউকে অপহরণের জন্য নয়।’
মাতবর জেল হোসেন বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। তারা বাঁচার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, বাদীর মামলার ভিত্তিতে আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।