ধুনটে বাল্যবিবাহ পড়ানোর দায়ে ইমামের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে লুৎফর রহমান (৩৯) নামের এক ইমামকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১২টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের হায়দার আলীর ছেলে আমজাদ হোসেনের (১৭) সঙ্গে ধুনটের এক ব্যক্তির পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৩) বিয়ে ঠিক হয়। বাল্যবিবাহ বলে এলাকায় ঝামেলা হতে পারে, এমন আশঙ্কায় পারিবারিক সিদ্ধান্তে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামে এক নিকট আত্মীয়ের বাড়িতে এনে গোপনে ওই ছাত্রীর বিয়ে পড়ানো হয়।
এ সময় খবর পেয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ পরিবারের লোকজন কৌশলে পালিয়ে যায়।
পরে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে ধুনট সদরপাড়া বালিকা মাদ্রাসার শিক্ষক এবং নলডাঙ্গা জামে মসজিদের ইমাম লুৎফর রহমানকে আটক করে বাল্যবিবাহ নিরোধ আইনে সাত দিনের কারাদণ্ড দেন আদালত।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফর রহমানকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।