ধুনটে বাস নদীতে, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট-শেরপুর সড়কে বথুয়াবাড়ী-মাঠপাড়া এলাকায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে মা-ছেলেসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সড়কটির মাঠপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলো ধুনট উপজেলার উলুড়চাপাড় গ্রামের মজনু মিয়া (৪৫), রাঙামাটি গ্রামের রিতা খাতুন (২৫) ও তাঁর ছেলে রিফাত হোসেন (৮), বিলকাজুলি গ্রামের নিপু কুমার (৩০), কান্তনগর গ্রামের আতাউর রহমান বাবলু (৬৫), বাঁশপাতা গ্রামের মাহবুব হোসেন (২৫), শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সুভাষ চন্দ্র (৭০), বাগড়া গ্রামের নুরুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে সাব্বির আহম্মেদ (২০), চকপোতা গ্রামের স্কুলশিক্ষক আবুল কালাম আজাদ (৫৮) ও কুসুম্বি গ্রামের সাথী খাতুন (২৪)।

দুর্ঘটনায় আহত শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আলিফ-মিম এন্টারপ্রাইজ নামের ওই যাত্রীবাহী মিনিবাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিল।  শেরপুর-ধুনট সড়কের মাঠপাড়া নামক স্থানে পৌঁছানোর পর বাসের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের তারাকান্দি নদীতে পড়ে যায়।

ধুনট থানার ওসিমিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধুনট ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।