ধুনটে বিএনপির নেতা-কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এলাঙ্গী বাজারে বিএনপির নেতা-কর্মীদের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীদের মারধরে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদসহ চারজন নেতা-কর্মী আহত হওয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে এলাঙ্গী বাজারে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদের বাগিবতণ্ডা হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আবদুল মজিদকে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলাল এবং আহত আওয়ামী লীগের নেতার ভাই আবুল কাশেম বাদী হয়ে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ওই দিন রাতে ধুনট থানায় পৃথক তিনটি মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হকসহ চারজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। আবদুল মজিদের ওপর হামলার জের ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে এলাঙ্গী বাজারে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের মুরগির খামার, শহীদুল ইসলামের মুদি দোকান, জিয়া তালুকদারের কীটনাশকের দোকান, গোলজার হোসেনের ধানের গুদাম, আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম, মুরাদুজ্জামান, আসাদুজ্জামান ও আলী আহমেঞ্চদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম বলেন, ‘আবদুল মজিদের ওপর হামলার ঘটনায় আমার দলের নেতা-কর্মীরা জড়িত নয়।’ এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলাল জানান, ‘আবদুল মজিদকে বিএনপির নেতা-কর্মীরা অন্যায়ভাবে মারধর করেছে। এতে বাজারের বিক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের নেতা-কর্মীরা কারও প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট করেনি।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজামেঞ্চল হক জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি।