ধুনটে বিদ্যালয়ে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
বিদ্যালয়ের কয়েক জন শিক্ষার্থী জানায়, খাটিয়ামারি ধ্রুবতারা কোচিং সেন্টারের উদ্যোগে গত শনিবার বিকেলে খাটিয়ামারি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বহিরাগত ব্যক্তিদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রোববার বেলা ১১টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান (ক্লাস) চলার সময় খাটিয়ামারি গ্রামের শাহাদত হোসেন, মো. হাবিব, মজিদ মিয়া, ফারুক হোসেনসহ ২০-২২ জন তরুণ-যুবক হামলা চালান। এতে তিন শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে সমাবেশ করা হয়।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আসিক আহমেদ ও আবদুল মোতালেব জানায়, শাহাদত হোসেনের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা শ্রেণিকক্ষে হামলা চালিয়েছেন। তাঁদের ভয়ে কাশিয়াহাটা গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদত কয়েক বছর আগে এসএসসি পাস করেছেন। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনা সম্পর্কে শাহাদত বলেন, ‘আমি বিদ্যালয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িত নই। বিরোধী দল করি। তাই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মিথ্যা অভিযোগ করছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, বহিরাগত ব্যক্তিদের হামলায় শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে বৈঠক হবে। সেখানে সমঝোতা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলায় জড়িত ব্যক্তিদের বিচার করার আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।