ধুনটে বিদ্যালয়ের দ্বিতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বিদ্যালয়ের দ্বিতল ভবন থেকে পড়ে এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জানান, ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের সবজি ব্যবসায়ী সেজাব উদ্দিনের ছেলে জিহাদ হোসেন (৬) চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সে প্রতিদিনের মতো গতকাল বুধবার সকাল নয়টার দিকে বিদ্যালয়ে আসে।
বিদ্যালয় ভবনের নিচতলায় জিহাদের শ্রেণীকক্ষ। সেখানে বই-খাতা রেখে সকাল সাড়ে নয়টায় দিকে তার সহপাঠীদের সঙ্গে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় যায়। এ সময় সেখানে খেলা করার সময় অসাবধানতাবশত বারান্দার রেলিং টপকে নিচে মাটিতে পড়ে যায়। এতে তার দাত ভেঙে ও নাক, মুখ কেটে জখম হয়।
খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিত্সা শেষে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।