ধুনটে বিদ্যালয়ের প্রশ্নপত্র তছনছ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দুর্বৃত্তরা পরীক্ষার প্রশ্নপত্র তছনছ করে পানিতে ফেলে দেওয়ায় একটি বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলি সাগাটিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা গতকাল শনিবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র তছনছ ও বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ফলে শিক্ষকেরা বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত করেছেন।শিক্ষকেরা বলেন, গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষ ও অন্যান্য কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিস কক্ষের আলমারি ভেঙে পরীক্ষার প্রশ্নপত্র, খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। এরপর এসব কাগজপত্র বিদ্যালয়ের পাশে খাদের পানিতে ফেলে দেয়। এ ছাড়া কয়েকটি শ্রেণীকক্ষের বেশ কিছু বেঞ্চ, চেয়ার ও টেবিল ভাঙচুর করে দুর্বৃত্তরা।সাগাটিয়া গ্রামের বাসিন্দা আবুল কাসেম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ও বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।হিজুলি সাগাটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় কিছু লোক বিদ্যালয়ের উন্নয়ন, পরিচালনাসহ বিভিন্ন কাজে অসহযোগিতা করে আসছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন বলেন, ‘আমরা এই হঠকারী কাজের নিন্দা জানাই। তবে, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা নেই।’