ধুনটে বিদ্যুতের বাড়তি বিল আদায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় সেচপাম্প ও চালকলের গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে বিদ্যুতের বাড়তি বিল ও জরিমানা আদায় করা বন্ধ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এলাকাবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সেচপাম্প মালিক লুৎফর রহমান বলেন, ‘আমার মূল বিল ছিল তিন হাজার টাকা। এর সঙ্গে জরিমানা ধরা হয় নয় হাজার টাকা। গতকাল মঙ্গলবার আন্দোলনের খবর পত্রিকায় প্রকাশের পর জরিমানা বিল বাদ দিয়ে মূল বিল তিন হাজার টাকা নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।’
গ্রাহকেরা জানান, গত জুন থেকে সেচপাম্প ও চালকলের মিটারের মূল বিলের সঙ্গে সমন্বয় বিল ও অতিরিক্ত জরিমানা আদায় করার চেষ্টা করে আসছে পল্লী বিদ্যুৎ সমিতি। এর পরিপ্রেক্ষিতে রোববার বেলা ১১টায় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক শামসুল হকের সঙ্গে গ্রাহকেরা আলোচনা করতে আসেন। কিন্তু তিনি তাঁদের সঙ্গে দেখা না করে জরুরি কাজের কথা বলে বাইরে চলে যান। এরপর বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত গ্রাহকেরা অফিস ঘেরাও করে রাখেন।