ধুনটে বিনা চিকিৎসায় নবজাতকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিনা চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নবজাতকের মৃত্যুতে স্থানীয়রা ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার এলাঙ্গী গ্রামের নিদানু সাহার স্ত্রী সাড়ে আট মাসের প্রসূতি কৃষ্ণ রানী সাহার (৩০) পেটে ব্যথা শুরু হলে গত সোমবার দুপুরে তাঁকে ধুনট হাসপাতাল রোডের লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বিকেলে ক্লিনিকের চিকিৎসক লোকমান হোসেন রোগীর অস্ত্রোপচার করেন। কৃষ্ণ রানী একটি জীবিত সন্তান প্রসব করেন। পরে চিকিৎসক চলে গেলে রাত ১০টার দিকে নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তখন ক্লিনিকে কোনো চিকিৎসক ছিলেন না। বিনা চিকিৎসায় গতকাল মঙ্গলবার সকালে শিশুটি মারা যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ক্লিনিকটিতে তালা ঝুলিয়ে দেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান অব্যবস্থাপনার অভিযোগে ক্লিনিক মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ক্লিনিকের চিকিৎসক লোকমান জানান, শিশুটি মায়ের পেটে নাড়ির সঙ্গে জড়িয়ে যাওয়ায় মা-শিশু দুজনের জীবন বাঁচাতেই পরিবারের সদস্যদের সমঞ্চতি নিয়ে অস্ত্রোপচার করা হয়। পূর্ণ বয়স না হওয়ায় নবজাতকের মৃত্যু হয়। তবে চিকিৎসায় কোনো ঘাটতি ছিল না বলে দাবি করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান বলেন, ক্লিনিকের অব্যস্থাপনার অভিযোগে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাচ্চা মারা যাওয়ার বিষয়ে অভিযোগকারীদের আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।