ধুনটে বৃত্তির নামে শিবিরের ‘বাণিজ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দ্য ব্রিলিয়্যান্টস ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষাবৃত্তির নামে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে অর্থ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। তাঁরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের নামে অর্থ আদায় করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্য ব্রিলিয়্যান্টস ফাউন্ডেশন নামের একটি ছাত্র কল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে বগুড়ার ১০টি উপজেলার পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চার বছর ধরে বৃত্তি দেওয়া হচ্ছে। এই প্রতিষ্ঠানের আড়ালে রয়েছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষার নামে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা আদায় করছেন।জানা গেছে, গত রোববার দ্য ব্রিলিয়্যান্টস ফাউন্ডেশন স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে নবম শ্রেণীর মোট ৭২৩ জন শিক্ষার্থীকে ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা নেয়। শিবিরের কর্মীরা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওই বৃত্তি পরীক্ষার অংশ নিতে উদ্বুদ্ধ করেন।ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত রোববার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পঞ্চম থেকে নবম শ্রেণীর পরীক্ষার্থীদের কাছ থেকে ১২০ টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়। ধুনট উপজেলা থেকে ৭২৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল মান্নান জানান, বৃত্তি পরীক্ষার প্রায় দুই মাস পর সংবাদপত্রে ফলাফল ঘোষণা করা হবে। বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের পঞ্চম শ্রেণীতে ৬৫০, ষষ্ঠ শ্রেণীতে ৭৫০, সপ্তম ও অষ্টম শ্রেণীতে ৮৫০, নবম শ্রেণীতে এক হাজার ১০০ এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের পঞ্চম শ্রেণীতে ৫০০, ষষ্ঠ শ্রেণীতে ৬০০, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে ৬৫০ টাকা করে দেওয়া হবে। তবে এই বৃত্তি কয়জনকে দেওয়া হবে, তা এখন বলা যাবে না।ধুনট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ বলেন, ‘বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন বাবদ ফি নেওয়া হয়েছে। তবে ফি নেওয়ার এখতিয়ার আছে কি না, তা আমার জানা নেই। কারণ, এখন আমি দ্য ব্রিলিয়্যান্টস ফাউন্ডেশনের সঙ্গে নিয়মিত জড়িত নই।’উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দ্য ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশনের পরিচালক আতাউর রহমান বলেন, ‘আমাদের এই ছাত্র কল্যাণমূলক প্রতিষ্ঠান সরকার কর্তৃক অনুমোদিত। বৃত্তি দিতে একটা খরচ হয়। এই টাকা দেবে কে। আমাদের সংগঠন থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এ ধরনের উদ্যোগ আর কে নেয়।’ ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, ‘দ্য ব্রিলিয়্যান্টস ফাউন্ডেশন নামের ছাত্র কল্যাণমূলক একটি প্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষার জন্য আমার বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ব্যবহার করতে দিয়েছি। তবে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বৃত্তির নামে ফি আদায় করতে পারে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি জানান, বৃত্তির নামে কোনো বেসরকারি প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন বাবদ ফি আদায় করার নিয়ম নেই। তবে কেউ যদি ইচ্ছা করে টাকা দিয়ে থাকে, তবে সেটা বেআইনি নয়। এটাকে অনৈতিক কর্মকাণ্ড ধরা যেতে পারে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।