ধুনটে ব্লাস্ট রোগের সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে চলতি মৌসুমে বোরো ধানখেতে ব্লাস্ট বা খোলপচা রোগের আক্রমণ দেখা দিয়েছে। এতে প্রায় দুই হাজার কৃষকের এক হাজার ২৬০ হেক্টর জমির ১৮ লাখ নয় হাজার মণ ধান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এখানকার ৫২ হাজার ৬৮ জন চাষি এ বছর ১৭ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন। এর মধ্যে ভারতীয় উফশী জাতের পরশমণি এবং মিনিকেট ধান রয়েছে প্রায় এক হাজার ২৬০ হেক্টরে।

সূত্রটি আরও জানায়, ভারতীয় জাতের ধানগাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এ জন্য খুব সহজে সেগুলো রোগাক্রান্ত হয়। কৃষি বিভাগ থেকে কৃষকদের ভারতীয় জাতের ধান চাষে নিষেধ করা হলেও আগাম ফলনের আশায় তাঁরা এগুলো চাষ করছেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি প্রচণ্ড তাপ ও অনাবৃষ্টিতে অধিকাংশ পরশমণি ও মিনিকেট জাতের ধানখেতে এই রোগ ছড়িয়ে পরেছে। দ্রুত প্রতিকার করতে না পারলে ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধানখেতেও এ রোগ ছড়িয়ে পড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম বলেন, কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের ব্লাস্ট ও খোলপচা রোগ প্রতিরোধে পরামর্শ দিচ্ছে। দ্রুত এ রোগ নিয়ন্ত্রণ করা না গেলে প্রায় দুই হাজার কৃষকের এক হাজার ২৬০ হেক্টর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

ফকিরপাড়া গ্রামের কৃষক মোকবুল হোসেন, পারধুনট গ্রামের কৃষক আবদুল বারিক, বেলকুচি গ্রামের কৃষক আয়নাল হক, চালাপাড়া গ্রামের জেল হক, ঈশ্বরঘাটের ছানোয়ার হোসেনের মিনিকেট ও পরশমণি জাতের ধানখেতে এ রোগ ছড়িয়ে পরেছে।

ফকিরপাড়ার মোকবুল হোসেন বলেন, এ রোগে প্রথমে ধানের পাতায় চোখের আকারে মরিচার মতো দাগ দেখা দেয়। এতে ধানগাছের পাতা পুড়ে শেষে শিষ আক্রমণ করে। এতে ধান চিটা হয়ে যায়।

চালাপাড়ার জেল হক বলেন, ‘আগাম ফসলের আশায় পরশমণি ও মিনিকেট ধান চাষ করি। এখন খোলপচা রোগ দেখা দেওয়ায় আমরা যারা এ ধান চাষ করেছি তারাই বিপদে পড়েছি।’

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস ছোবহান বলেন, প্রথমেই রোগাক্রান্ত জমির পানি বের করে নতুন পানি দিতে হবে। এরপর সরকার অনুমোদিত ছত্রাকনাশক ছিটাতে হবে।