ধুনটে ভিজিএফ কার্ডের চাল ১০ দিন ধরে গুদামে বন্দী
রমজানের শুরুতে বগুড়ার ধুনট উপজেলায় দুস্থদের নামে বরাদ্দ হওয়া ভিজিএফ কার্ডের চাল বিতরণ করার কথা থাকলেও গত ১০ দিনে তা বিতরণ করা হয়নি। তালিকা তৈরি নিয়ে জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সমঝোতা না হওয়ায় ওই চাল বিতরণ করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, সরকার চলতি বছর এই প্রথমবারের মতো পবিত্র রমজান উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ব্যক্তিদের মধ্যে বিনা মূল্যে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। ধুনটের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭ হাজার ৬৩৫ জন দুস্থ ব্যক্তির জন্য ১০ কেজি করে ভিজিএফ কার্ডের ১৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব উপজেলার দুস্থ ব্যক্তিদের তালিকা তৈরি করে ২৯ জুলাই চাল বিতরণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বলা হয়।
কিন্তু তালিকা তৈরির ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে জনপ্রতিনিধিদের সমঝোতা না হওয়ায় গতকাল মঙ্গলবার পর্যন্ত চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, তালিকা তৈরির জন্য জনপ্রতিনিধিদের ৫০ শতাংশ এবং আওয়ামী লীগের ৩০ ও বিএনপির ২০ শতাংশ বরাদ্দ ছিল। মাহবুবুর রহমান দাবি করেন, জনপ্রতিনিধিদের তালিকা যথাসময় তৈরি করা হয়। কিন্তু দলীয় নেতা-কর্মীদের তালিকা হাতে না পাওয়ায় চূড়ান্ত তালিকা পিআইও কার্যালয়ে দাখিল করতে পারেননি তিনি।
পিআইও রিয়াজুল ইসলাম বলেন, রোজার এক দিন আগেই ভিজিএফ কার্ডের চাল বিতরণ করার সরকারি নির্দেশনা ছিল। কিন্তু জনপ্রতিনিধিদের বারবার তাগিদ দেওয়ার পরও তাঁরা সময়মতো তালিকা জমা দিতে পারেননি। এ কারণে খাদ্যগুদামকে চাহিদাপত্র দেওয়া হলেও চাল উত্তোলন করা হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি ও পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন বলেন, দুই দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের তালিকা নিয়ে দ্রুত চাল উত্তোলন করে তা বিতরণ করার উদ্যোগ নেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, দ্রুত তালিকা তৈরি করে চাল বিতরণের জন্য পিআইওকে নির্দেশনা দেওয়া হয়েছে।