ধুনটে ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ঈদের আগে দুস্থ মানুষের নামে বরাদ্দ ভিজিএফ কার্ডের তালিকা বণ্টন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত আটটার দিকে চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র পরিবারের জন্য ধুনট উপজেলায় ২২ হাজার ২৩টি কার্ডের জন্য ২২০ দশমিক ২৩০ টন ও একটি পৌরসভায় এক হাজার ৫৪০টি কার্ডের জন্য ১৫ দশমিক ৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়। সে হিসাবে চিকাশি ইউনিয়নে দুই হাজার ৩৫৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ৭৫৮টি কার্ডের তালিকা করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। বাকি ৮০০ কার্ডের তালিকা করবেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তালিকা করা নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল ও সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের মধ্যে বণ্টনে পক্ষপাতিত্ব নিয়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে সেখানকার আওয়ামী লীগের নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বলেন, ‘ভিজিএফ কার্ডের তালিকার সময় সাধারণ সম্পাদক কাজল অনিয়ম ও দুর্নীতি করেছেন। এ নিয়ে কথা বলার সময় তাঁর লোকজন আমাকে মারপিট করার জন্য ধাওয়া দেয়।’ সাধারণ সম্পাদক কাজল বলেন, ‘আমি কোনো তালিকা করিনি। ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক কার্ডের তালিকা করছেন। সাংগঠনিক সম্পাদক আমার ওপর মিথ্যা অভিযোগ করে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমি এর আইনগত ব্যবস্থা নেব।’ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলেপ বাদশা জানান, ভিজিএফ কার্ড বণ্টনের তালিকা নিয়ে নিজ দলের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়ে এ ঘটনা ঘটেছে। দলের সিনিয়র নেতাকর্মীরা বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন।