ধুনটে ভুয়া সনদে মাদ্রাসায় আ.লীগ নেতার চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আমেনা-ময়েন অলোয়া মথুরাপুর সিনিয়র মাদ্রাসার কম্পিউটার শিক্ষক পদে ভুয়া সনদে চাকরি নিয়ে আওয়ামী লীগের এক নেতা নয় বছর ধরে অবৈধভাবে বেতনভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২ অক্টোবর মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান বগুড়া নট্রামস কলেজের ভুয়া সনদ নিয়ে ওই মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। সেই সময় থেকে মান্নানের ছোট ভাই হেলাল উদ্দীন মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। পরে ভুয়া সনদে চাকরিতে যোগদানের বিষয়টি প্রকাশ পেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে সনদ যাচাই-বাছাই করার জন্য ১৮ জুলাই বগুড়া নট্রামস কলেজে একটি আবেদনপত্র পাঠানো হয়।
নট্রামসের যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক কে বি এম মাহবুবুর রহমান গত ২৯ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়কে ভুয়া সনদের বিষয়টি চিঠি দিয়ে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, ‘আমি ২০০১ সালে বগুড়া নট্রামস থেকে সনদ নিয়েছি। এ ছাড়া আমার আরও একটি সনদ মাদ্রাসায় জমা দেওয়া হয়েছে। এখন কোন সনদে আমার বেতন-ভাতা হয়েছে, তা আমার জানা নেই।’ মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, আবদুল মান্নানকে চাকরি দেওয়ার সময় তাঁর সনদ যাচাই করার সময় ছিল না। ভুলক্রমেই ঘটনাটি ঘটেছে। এখন মন্ত্রণালয়ে ভুল সংশোধনের জন্য চেষ্টা করা হচ্ছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রশিদ বলেন, ‘আবদুল মান্নান ভুয়া সনদে মাদ্রাসায় চাকরি নিয়েছেন। আমি ওই ভুয়া সনদের ছায়ালিপি অন্য লোকের মাধ্যমে হাতে পেয়েছি। দাপ্তরিকভাবে পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, এ বিষয়ে জেলা শিক্ষা কার্যালয় থেকে এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।