ধুনটে ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ
বগুড়ার ধুনটে এলজিএসপি প্রকল্পের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা লুটের অভিযোগ উঠেছে। তাঁরা কম দামের মালামাল কিনে অতিরিক্ত টাকার ভাউচার জমা দিয়েছেন।উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, গত ২০১১-১২ অর্থবছরে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপির) বা স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের আওতায় ১০টি ইউনিয়ন পরিষদের নামে এক কোটি ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা দিয়ে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, ফটোস্ট্যাট মেশিন কেনা, রাস্তাঘাট, সেতু, কালভার্ট মেরামত ও নলকূপ বিতরণের কথা। প্রতিটি ইউনিয়নে সাতটি করে প্রকল্প দেখিয়ে এসব মালামাল কেনা হয়েছে। এসব প্রকল্পের সভাপতিরা শিডিউল অনুযায়ী কাজ না করে নামসর্বস্ব কাজ দেখিয়ে গত ৩০ জুনের মধ্যেই সব টাকা উত্তোলন করেন।সরেজমিনে দেখা গেছে, চিকাশী ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী সরবরাহের ৯০ হাজার টাকার একটি প্রকল্পে ৯৫০ টাকা মূল্যের ৮৮টি ফুটবল এবং এক হাজার ৬৫০ টাকা মূল্যের চারটি ক্যারমবোর্ড দেওয়ার কথা। এর মধ্যে একটি ক্যারমবোর্ড স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে দেওয়ার কথা। কিন্তু চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ক্যারমবোর্ড পাওয়ার কথা অস্বীকার করেন। প্রকল্পের সভাপতি তাজুব্বর রহমান বলেন, ক্যারমের পরিবর্তে এক হাজার করে টাকা দেওয়া হয়েছে।চিকাশী ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এলজিএসপি প্রকল্পের শতভাগ কাজ করা কারও পক্ষেই সম্ভব নয়। তথ্যসেবা কেন্দ্রের জন্য ফটোস্ট্যাট মেশিন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, প্রজেক্টর, প্রিন্টার কেনার জন্য দুই লাখ টাকার একটি প্রকল্প ছিল। টাকা কম হওয়ায় শুধু ফটোস্ট্যাট মেশিন ও ল্যাপটপ কেনা হয়েছে।ধুনট বাজারের নলকূপ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘আমার কাছ থেকে ইউনিয়ন পরিষদের সদস্যরা অনেকগুলো নলকূপ কিনেছেন। প্রতিটি নলকূপ এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করেছি। অথচ তাঁদের ৫ হাজার ৮০০ টাকার ভাউচার দিতে হয়েছে।’ধুনটের ইউএনও ফিরোজ শাহ বলেন, ‘এলজিএসপি প্রকল্পের টাকা সরাসরি পরিষদের চেয়ারম্যানদের ব্যাংক হিসাব নম্বরে জমা হয়। প্রশাসনের পক্ষ থেকে শুধু তদারকি করতে হয়েছে। কোথায়, কীভাবে টাকা দিয়ে কাজ করা হয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি তদন্ত করা হবে।’