ধুনটে ভূমি অফিসে ৪২ পদের ২১টি শূন্য
বগুড়ার ধুনট উপজেলা সদরসহ ১০টি ইউনিয়নের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীসহ ৪২টি পদের মধ্যে ২১টি শূন্য রয়েছে।উপজেলা সদর ছাড়া ১০টি ইউনিয়ন ভূমি অফিস হলো: নিমগাছি, চিকাশি, গোসাইবাড়ি, ভান্ডারবাড়ি, ধুনট, এলাঙ্গী, চৌকিবাড়ি, মথুরাপুর ও গোপালনগর।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সদর ও ১০টি ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীর ৪২টি পদের মধ্যে বর্তমানে ২১ জন কাজ করছেন। এর মধ্যে উপজেলা ভূমি অফিসে ১২ জন লোকবলের মধ্যে আটজনই নেই। মাত্র চারজন অফিস সহকারী দিয়ে চলছে এ অফিস। এ অফিসে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, জারিকারক, তিনজন অফিস সহকারী ও দুজন চেইনম্যানের পদ দীর্ঘদিন ধরে শূন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শেরপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো সপ্তাহে দুই দিন এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।এদিকে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা, উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও এমএলএসএস—এই তিনটি পদ রয়েছে। এর মধ্যে সাতটি ইউনিয়নে সহকারী ভূমি কর্মকর্তা নেই। চিকাশি ইউনিয়ন ভূমি অফিসের তিনটি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এলাঙ্গী ইউনিয়নে আছেন শুধু উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা।এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দী গ্রামের আফসার আলী বলেন, ‘কদিন ধইর্যা একটি জমির খাজনা খারিজ করতে অফিসে ঘুরতাছি। অফিসারের দেহা পাই না। পাশের লোকজন কয়, কাজে বাইরে গেছেন। খালি আইসা আইসা, ঘুইরা ঘুইরা যাই। কামডা হয় না।’চিকাশি ইউনিয়নের সোনার গাঁ গ্রামের আবদুল মজিদ বলেন, ‘কাম ফালায়া অফিসে আইসা দেখি, কেউ নাই। কদিন ধইরা ঘুরতাছি। কেউরে পাই না। জমিডা খারিজ করতে না পারায় ব্যাংক থেইকা ঋণ তুলতে পারতাছি না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, ‘ভূমি অফিসের জনবলসংকটের বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছি।’বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান বলেন, কিছু দিনের মধ্যে লোক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।