ধুনটে মা ও ছেলেকে বেঁধে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল শুক্রবার পাওনা টাকা চাইতে গিয়ে মায়ের সামনেই ছেলেকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে চুরির অভিযোগে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় মা জায়দা খাতুন প্রতিবাদ করায় তাঁকেও পিটিয়ে আহত করা হয়। আহত জায়দা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের শরুগ্রাম গ্রামে তবিবর রহমানের ছেলে দিনমজুর সাইদুল ইসলাম (২০) একই গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে কাজ করেন। সেই কাজের জন্য সিরাজুলের কাছে সাইদুল ৬০০ টাকা পাওনা আছেন। গতকাল সকাল আটটার দিকে সাইদুল তাঁর মাকে সঙ্গে নিয়ে সেই টাকা সিরাজুলের কাছে চাইতে যান।

এ সময় তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজুল ও তাঁর লোকজন সাইদুলকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে চুরির অভিযোগে মারধর করেন। এ সময় সাইদুলের চিৎকারে মা জায়দা এগিয়ে এলে তাঁরা তাঁকেও লাঠি দিয়ে পেটান। খবর পেয়ে পুলিশ সাইদুলকে উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে আহত জায়দাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাইদুল বলেন, ‘দিনমজুরি কাজের পাওনা টাকা চাইতে গেলে সিরাজুল ও তাঁর লোকজন মিথ্যা চুরির দায়ে গাছের সঙ্গে বেঁধে আমাকে মায়ের সামনেই মারধর করেন। আমাকে মারধর সময় মা সইতে না পেরে এগিয়ে এলে তাঁরা মাকেও মারধর করেন।’

জায়দা খাতুন বলেন, ‘হামার ছৈলডারে কে তারা চুরি করার মিথ্যা কথা কইয়া বাইন্দা হামার সামনেই মারধর করেছে। হামি ছৈলডারে বাঁচাতে আইগা গেলে তারা হামাকে ও লাঠি দিয়ে পেটাইয়েছে।’ সিরাজুল বলেন, ‘সাইদুল আমার জমি থেকে বৃহস্পতিবার রাতে মরিচ চুরি করতে আসেন।

সে সময় টর্চলাইটের আলোতে সাইদুলকে চিনতে পাই। কিন্তু সে সময় তাঁকে ধরতে পারি নাই। এ কারণে সকালে ধইরা পুলিশের কাছে দিয়েছি। সাইদুল ও তাঁর মাকে আমরা মারধর করি নাই। আমার কাছে সে কোনো টাকা পায় না।’

তবে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বকুল হোসেন বলেন, ‘চুরির বিষয় আমার জানা নেই। তবে মা ও ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধরের বিষয়টি অমানবিক। সাইদুলের বিরুদ্ধে এর আগে চুরির কোনো অভিযোগ নেই।’

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, চোরকে বেঁধে মারধরের খবর পেয়ে তাঁকে উদ্ধার করে থানাহাজতে আটক রাখা হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আজ (শনিবার) সকালে সাইদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।