ধুনটে মাধ্যমিক বিদ্যালয়ে পেঁৗছায়নি নতুন বই
বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দিতে পারেননি শিক্ষকেরা। ফলে এখনো শিক্ষকেরা নতুন বছরের পাঠদান শুরু করতে পারেননি।
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ধুনট পৌরসভার ১০ ইউনিয়নের ৪০টি উচ্চবিদ্যালয়, ২৬টি মাদ্রাসা ও ১১টি ভকেশনালসহ ৭৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৭ হাজার ২৪০ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ৩ লাখ ৩৪ হাজার ৫৪০টি বইয়ের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১৪টির মধ্যে ১০টি বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ইংরেজিসহ চারটি বিষয়ের বই এখনো দেওয়া হয়নি। অন্যদিকে নবম ও দশম শ্রেণির ১৮টির মধ্যে ৮টি বিষয়ের বই পাওয়া গেলেও বাংলা, ইংরেজি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, রসায়ণ, উচ্চতর গণিতসহ ১০টি বিষয়ের বই এখনো পাওয়া যায়নি।
ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ইংরেজিসহ চারটি বিষয়ের বই পাওয়া যায়নি। নবম ও দশম শ্রেণির ১০টি বিষয়ের বই না পাওয়ায় তাদের নতুন বছরের পাঠদানই শুরু করা যায়নি। সব বই কবে পাওয়া যাবে তা-ও বলা যাচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম বলেন, উপজেলা মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোর দেওয়া শিক্ষার্থীদের হিসাব অনুযায়ী বিভিন্ন বিষয়ে বইয়ের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে অনেক বিষয়ের বই বিতরণও করা হয়েছে। চাহিদার মধ্যে থাকা কিছু বিষয়ের বই এখানো আসছে। পর্যায়ক্রমে এসব বিষয়ের বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।