ধুনটে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত
বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচিত ও মনোনীত সভাপতি নিয়ে বিরোধ ও মামলার কারণে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের ভোটে নির্বাচিত সভাপতি ও স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মনোনীত সভাপতি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে বর্তমানে পাঁচটি বিদ্যালয়ে চলছে মামলা। এগুলো হলো উপজেলার মথুরাপুর মুলতানি শাহজাহান আলী পারভীন উচ্চবিদ্যালয়, এলাঙ্গি উচ্চবিদ্যালয়, পাঁচথুপী উচ্চবিদ্যালয়, রাঙামাটি উচ্চবিদ্যালয় ও পিকাশী উচ্চবিদ্যালয়। আরেকটি বিদ্যালয়ের মামলা নিষ্পত্তি হয়েছে এবং বেশ কয়েকটিতে অসন্তোষ চলছে।মথুরাপুর মুলতানী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন প্রণব চক্রবর্তী। কিন্তু সাংসদ সভাপতি মনোনীত করেন (ডিও লেটার দেন) গোলাম মর্তুজাকে। এলাঙ্গি উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন আশেকুর রশিদ। আর সাংসদ মনোনীত করেন মোজাহারুল আনোয়ারকে। পরে সাংসদ আবার আশেকুর রশিদকে সভাপতি করেন। এরপর আবার তাঁকে বাদ দিয়ে মোজাহারুল আনোয়ারকে সভাপতি করেন। পাঁচথুপী উচ্চবিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হন সাইফুল ইসলাম। কিন্তু সাংসদ এ পদে মনোনীত করেন হাফিজুর রহমান তালুকদারকে। রাঙামাটি উচ্চবিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হন ওহিদুল ইসলাম। কিন্তু সাংসদ সভাপতি মনোনীত করেন নুরু মিয়াকে। পিকাশী উচ্চবিদ্যালয়েও একই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে এই পাঁচটি বিদ্যালয়ে কমিটি নিয়ে চলছে মামলা।খাদুলী উচ্চবিদ্যালয়ে সাংসদ প্রথমে হাসান আহম্মেদকে সভাপতি করলেও পরে মোহাম্মদ হেলালকে মনোনীত করেন। এরপর তাঁকে বাদ দিয়ে আবদুল মান্নানকে সভাপতি করেন। এ নিয়ে ছাত্র-অভিভাবক-শিক্ষকেরা ক্ষুব্ধ হলে শেষ পর্যন্ত আবার আবদুল মান্নানকেও প্রত্যাহার করেন। এ ছাড়া খাতিয়ামারী উচ্চবিদ্যালয়, নান্দিয়ারপাড়া উচ্চবিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের জটিলতা চলছে।সাধারণ শিক্ষকেরা অভিযোগ করেন, কমিটির সভাপতি নিয়ে সাংসদের ঘন ঘন মত পরিবর্তনের ফলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির মধ্যে জটিলতার সৃষ্টি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমও ভেঙে পড়েছে। কমিটির দ্বন্দ্বে বেতন বন্ধ থাকায় শিক্ষকেরাও বিপদে পড়েছেন।বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাংসদ হাবিবুর রহমান বলেন, ‘আমি নেতা-কর্মীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নিযুক্ত করে দলীয়ভাবে মূল্যায়ন করার চেষ্টা করছি। আমি নিজের স্বার্থের জন্য কিছুই করছি না।’